আইন প্রণয়নের সময় সেগুলোর সঠিক প্রয়োগ এবং যেন বিচার বিভাগের ওপর চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংবিধান বিশেষজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের স্মরণসভায় প্রধান বিচারপতি এ আহ্বান জানান।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমরা আশা করব, আমাদের জাতীয় সংসদ সদস্যরা যখন আইন করবেন, তখন আইনগুলো যাতে সঠিকভাবে হয়, যাতে বিচার বিভাগের ওপর প্রেশার (চাপ) না পড়ে। আপনারা যখন ত্রুটিপূর্ণ কিছু...আইন করবেন তখন কিন্তু আমাদের ওপর, বিচার বিভাগে প্রেশার পড়ে যায়। তখন মামলা বেড়ে যায়। আমাদের হস্তক্ষেপও বেড়ে যায়।’
প্রশাসনের কাজের পরিধি নিয়ে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমরা ঠিক সেইভাবে প্রশাসনে যারা আছে তারা যাতে তাদের লাইন ডিমার্কেশন...কাজের যে পরিধি আছে, এর বাইরে যাতে হস্তক্ষেপ না করে। এতে করে আমাদের বিচার বিভাগের ওপর চাপ পড়ে যায়। আমরা দেখব না যে দেশে দুই ধরনের বিচারব্যবস্থা চলে।’ ব্যক্তি হিসেবে সমালোচনার ঊর্ধ্বে থাকতে বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি।
মাহমুদুল ইসলামকে অনুসরণ করার তাগিদ দিয়ে আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, তিনি আশা করছেন, মক্কেলদের কাছ থেকে ব্রিফ নেওয়ার সময় আইনজীবীরা মাহমুদুল ইসলামের মতো ব্যবহার করবেন। মামলার গ্রহণযোগ্যতা না থাকলে তাঁরা মামলা ফিরিয়ে দেবেন, যাতে আদালতে মামলার চাপ কমে।
স্মৃতিচারণা করে ড. কামাল হোসেন বলেন, ‘মাহমুদুল ইসলাম নীতিমান আইনজীবী ছিলেন। নিজের বিপক্ষে যে কাজ, সেটাও তুলে ধরা—এটি হলো একজন আইনজীবীর কর্তব্য। আমার পক্ষে যেটা আছে সেটি তুলে ধরব, আমার বিপক্ষে যেটা আছে, সেটিও তুলে ধরব।’ অনেক মামলায় মাহমুদুল ইসলামের সঙ্গে অ্যামিকাস কিউরি থাকার কথা তুলে ধরে কামাল হোসেন বলেন, ‘একটি মত নিয়ে উনি বেঁকে বসবেন, এমনটি ছিল না। সবদিক, পক্ষে-বিপক্ষে সব বলতেন।’
বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মাহমুদুল ইসলাম যখন আইনজীবী তখন আপাদমস্তক আইনের মধ্যে থাকতেন। আর যখন বাইরের জগতে যেতেন, তখন তিনি কিন্তু একজন অতি নরম মানুষ। এ দুইয়ের সমন্বয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বজায় রাখতেন।’
মাহমুদুল ইসলাম স্মরণসভা কমিটি ওই অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির আহ্বায়ক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার কমিটির সদস্যসচিব আইনজীবী প্রবীর নিয়োগী বক্তব্য দেন।