সঠিকভাবে দায়িত্ব পালন করলে মানুষ হয়রানিমুক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কর্মকর্তারা আইনি কাঠামোর মধ্যে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দুদক বদনামমুক্ত হবে এবং মানুষও হয়রানি থেকে মুক্তি পাবে।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এ কথা বলেন।

দুদকের উপপরিচালক পদমর্যাদার ২০ জন কর্মকর্তা ২০ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণে অংশ নেবেন।

দুদক চেয়ারম্যান বলেন, সবাই মিলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। এ জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের ওপর চাপ আসতে পারে। নিজেদের সততা, নিষ্ঠাবোধ ও প্রজ্ঞার মাধ্যমে এ চাপ প্রশমন করা অসম্ভব নয়। এ কাজ করতে পারলেই জনসাধারণের সমর্থন পাওয়া যাবে।

দুদক চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে কমিশনের কর্মপরিবেশ-পরিস্থিতি এবং আঙ্গিক কিছুটা পরিবর্তন হয়েছে। তাই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের মেধা, প্রজ্ঞা ও মননশীলতাকে শাণিত করা হবে। অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে তৈরি করা প্রতিবেদনের প্রতিটি শব্দ হতে হবে কর্মকর্তাদের বিবেকপ্রসূত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের মহাপরিচালক (আইন) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনির চৌধুরী প্রমুখ।