২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন না করা এবং এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার প্রতিবাদে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।
গত রোববার বেলা ১১টায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করা হয়। এতে শত শত শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবকেরাও অংশ নেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বোর্ড অফিসের ভেতরে ঢুকতে চাইলে বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, বোর্ডের কোনো ভুলের জন্য শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না। এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী আবেদন করেছে। আগামী ৮ জুন তাদের ফল প্রকাশ করা হবে। আর এইচএসসি পরীক্ষার্থীদের ভুল প্রশ্নের জন্য নির্ধারিত নম্বর দেওয়া হবে।