সড়ক অবকাঠামো উন্নয়নে সহায়তায় আগ্রহী দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নিয়মিতভাবে ত্রিপুরায় খাদ্যশস্য পরিবহনে প্রয়োজনীয় সড়ক অবকাঠামো নির্মাণে ভারত সহযোগিতা দেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শনিবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তাঁর দেশের এই ইচ্ছার কথা জানান। 
ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইট এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দীন এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্যও প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নরেন্দ্র মোদি নিজেও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে মন্তব্য করেছেন।
এদিকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৬৮তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে গতকাল রোববার নিউইয়র্কে ফুলের তোড়া ও চিঠি পাঠিয়েছেন। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।
নিউইয়র্ক থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত মে মাসে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদির সঙ্গে গত শনিবার প্রথম আলোচনা করেন শেখ হাসিনা। দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর প্রায় ২৫ মিনিটের এই প্রথম বৈঠকটি ছিল যথেষ্ট উষ্ণ আর আন্তরিকতায় ভরপুর।
সৈয়দ আকবর উদ্দীনের বরাত দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, বৈঠকের পরিবেশ যথেষ্ট হৃদ্যতাপূর্ণ হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান বিষয়গুলো, বিশেষ করে তিস্তা ও সীমান্ত চুক্তির মতো অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তুলেছেন শেখ হাসিনা। এর সমাধানে ভারতের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, নরেন্দ্র মোদি তা শেখ হাসিনার কাছে তুলে ধরেন। এর সমাধানের আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী।
আকবর উদ্দীন জানান, আলোচনায় যোগাযোগের প্রসঙ্গটি এলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রিপুরায় খাদ্যশস্য পরিবহনের অনুমতি দেওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি।
এ সময় শেখ হাসিনা বলেন, দুই দেশের সম্পর্কটা এমনই যে মানবিক সহায়তার কোনো অনুরোধ বাংলাদেশ কখনো ফিরিয়ে দিতে পারে না। এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন, নিয়মিতভাবে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হলে অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে।
উত্তরে নরেন্দ্র মোদি জানান, ট্রানজিটের সঙ্গে সংশ্লিষ্ট সুনির্দিষ্ট কোনো প্রকল্পে ভারত সহযোগিতা করতে আগ্রহী।
যোগাযোগ অবকাঠামো উন্নয়ন নিয়ে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের এই বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রতিনিধিদলের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ বিষয়টি আলোচনায় এসেছে বলে দায়িত্বশীল এক কর্মকর্তা স্বীকার করেন।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ত্রিপুরায় মানবিক কারণে ১০ হাজার মেট্রিক টন চাল পরিবহনে সম্মত হয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই এ পণ্য পরিবহন শুরু হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় বাংলাদেশের এ ধরনের পরিবহন অব্যাহত রাখায় অনীহা রয়েছে।
তবে আখাউড়ার সড়কপথ ব্যবহার করে ত্রিপুরায় পণ্য পরিবহনের জন্য অবকাঠামো উন্নয়নে ভারতের কাছে আনুষ্ঠানিক কোনো সহযোগিতা এখনো চায়নি বাংলাদেশ।