সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
পুলিশ জানায়, নিউকন নামের একটি পোশাক কারখানা গত মাসে সাময়িকভাবে বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়। নিয়মানুযায়ী, এক বছরের বা তার বেশি সময় কর্মরত শ্রমিকেরা লে-অফ চলাকালীন বেতন-ভাতা পাওয়ার কথা। সে অনুযায়ী গতকাল কারখানার ১৯২ জন শ্রমিকের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু এ সময় এক বছরের কম সময় কর্মরত শ্রমিকেরাও (প্রায় ২৫০ জন) বেতনের দাবি জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে যানজট তৈরি হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের আইনের বিষয়টি তুলে ধরে তাঁদের সরিয়ে দেয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনছুর বলেন, ‘আইন অনুযায়ী এক বছরের কম সময় কর্মরত শ্রমিকেরা বন্ধকালীন বেতন পাবেন না। বিষয়টি শ্রমিকদের জানিয়ে দিয়েছি। আগামী রোববার শ্রমিকদের আসতে বলা হয়েছে। এ সময়ে তাঁরা যদি আইনগতভাবে বেতন-ভাতা প্রাপ্য হন সেটা আমরা আদায় করে দেব বলে জানিয়ে দিয়েছি। এরপরই শ্রমিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।’