কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগের নেতা মোহাম্মদ শাহীনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রায় এক ঘণ্টা ‘কক্সবাজার-টেকনাফ’ সড়ক অবরোধ করে রাখেন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া বাসস্টেশন এলাকায় সন্ত্রাসীরা ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ শাহীন (২২) শুক্রবার মারা যান। তিনি উখিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার রাতে নিহত শাহীনের মা সাহেদা আকতার বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল দুপুরে উখিয়া বাসস্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রায় এক ঘণ্টা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখেন। এতে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে।
সমাবেশে বক্তব্য দেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসাইন, নিহত শাহীনের মামা কাজী জাফর আলম, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, উপজেলা যুবলীগের নেতা মাসুদ আমিন, নুরুল আলম, হেলাল উদ্দিন প্রমুখ।
হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সকালে উখিয়া ডিগ্রি কলেজ, উখিয়া নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ, উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, কুতুপালং উচ্চবিদ্যালয় ও বালুখালী উচ্চবিদ্যালয়ে পৃথক বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।