সড়ক অবরোধ বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা বন্ধ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে নোয়াখালীর সেনবাগের কল্যান্দী বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটা থেকে এক ঘণ্টা এ অবরোধ চলে।
অবরোধের কারণে সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ায় যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কল্যান্দী বাজার এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকের ব্যবসা ও মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। মাদক সহজলভ্য হওয়ায় এলাকার যুবকদের মধ্যে মাদকাসক্ত হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে কল্যান্দী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে ক্ষুব্ধ বাসিন্দারা স্থানীয় সচেতন এলাকাবাসীর ব্যানারে বিকেল পৌনে পাঁচটার দিকে কল্যান্দী বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে জনতা শান্ত হয়ে অবরোধ তুলে নেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।