সড়ক ও বাঁধ কেটে চলছে মাছ শিকার
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মাছ ধরার জন্য সড়ক ও ফসল রক্ষা বাঁধের ১০-১২টি স্থান কেটে ফেলা হয়েছে৷ উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গুলুয়া-গোলকপুর সড়ক ও চন্দ্র সোনার থাল হাওরের দুটি বাঁধ কেটে মাছ শিকার চলছে৷
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধের কয়েকটি স্থান কেটে সরকারি সম্পদ নষ্ট করায় আমি ধরমপাশা থানায় একটি মামলা করেছি।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বলেন, এ ঘটনায় ৫৪ জনকে আসামি করে ১৪ মে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী নূরুল আলম চৌধুরী বলেন, সড়ক কাটায় গত সপ্তাহে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামি সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাজুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পিরষদের চেয়ারম্যান মোকাররম হোসেনের নেতৃত্বে কয়েকজন এ সড়ক ও দুটি বাঁধ কেটেছেন৷ তাঁরা নিজেদের রক্ষা করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছেন।’
চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, ‘এতে আমার সম্পৃক্ততা থাকার অভিযোগ ভিত্তিহীন। আমি এ ঘটনার প্রতিবাদ করায় একটি চক্র এ ধরনের বদনাম রটাচ্ছে৷’
এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, মাছ শিকারের জন্য দুই সপ্তাহ আগে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে এলজিইডির গুলুয়া-গোলকপুর সড়কের তিন-চারটি স্থান কেটে পানি প্রবাহের জন্য নালা তৈরি করা হয়েছে। এ ছাড়া চন্দ্র সোনার থাল হাওরে পাউবোর হুলাসখালী ফসলরক্ষা বাঁধের তিন-চারটি স্থান এবং মাহমুদনগর গ্রামের পেছনে কাটাখালী বাঁধের পাঁচটি স্থান একইভাবে কাটা হয়েছে৷ এসব কাটার কাজে নেতৃত্ব দিয়েছেন রাজাপুর গ্রামের আবদুল মজিদ, আবুল বসর, এরশাদুল ইসলাম ও আবদুল জলিল। তাঁরা স্থানীয় জেলেদের মাধ্যমে প্রতি রাতে (সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত) সেখানে ভিম জাল দিয়ে মাছ শিকার করছেন৷
এ ব্যাপারে জানতে চাইলে আবদুল মজিদ, আবুল বসর, এরশাদুল ইসলাম ও আবদুল জলিল অভিযোগ অস্বীকার করেন। তাঁরা দাবি করেন, সড়ক ও ফসলরক্ষা বাঁধ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি স্বার্থান্বেষী মহল তাদের জড়িয়ে নাটক সাজানোর চেষ্টা করছে৷
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, মাছ শিকারের জন্য হুলাসখালী ফসলরক্ষা বাঁধের পূর্ব ও পশ্চিম পাশে পাঁচ-সাতটি বাঁশের খুঁটি পুঁতে রাখা হয়েছে। আর এগুলোর সঙ্গে রশি বাঁধা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন কৃষক জানান, যাঁরা সড়ক ও বাঁধ কাটার সঙ্গে জড়িত, তাঁরা প্রভাবশালী। সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারণে প্রতিবছরই এভাবে সড়ক ও বাঁধ কাটা হয়। এ কারণে শুকনো মৌসুমে সড়ক দিয়ে চলাচল ও বোরো মৌসুমে চাষাবাদে মারাত্মক বিঘ্ন ঘটছে৷