সড়ক ও বেড়িবাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তরাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সড়ক ভেঙে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নওগাঁ জেলা সদরের সঙ্গে আত্রাই উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার শিবেরডাঙি বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আদমদীঘি (বগুড়া): নওগাঁয় ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ছোট যমুনার পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নওগাঁ শহরের উকিলপাড়া, বাঙ্গাবাড়িয়া, সুপারিপট্টি, ডিগ্রি কলেজের মোড়, কেডির মোড়, পুরোনো কালেক্টরেট ভবন চত্বর এবং সেবাশ্রম সড়ক ডুবে গেছে।
গত বুধবার রাতে আত্রাই উপজেলার মির্জাপুরের কাছে মিরাপাড়া এলাকায় বাঁধসংলগ্ন নওগাঁ-আত্রাই সড়ক পানির তোড়ে ভেঙে গেছে। ফলে গতকাল সকাল থেকে নওগাঁ জেলা সদরের সঙ্গে আত্রাই উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে বুধবার সকালে নওগাঁর আত্রাই নদীর পূর্ব তীরের রানীনগর উপজেলার মালঞ্চী গ্রামের কাছে বেড়িবাঁধের তিনটি স্থানে ১৫০ ফুট ভেঙে গিয়ে উপজেলার মালঞ্চী, নান্দাইবাড়ি, কৃষ্ণপুর, ঘোষগ্রামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরী কুবি জানান, সড়কের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে উপজেলার মনিয়ারী, ভোঁপাড়া ও শাহাগোলা এবং রানীনগর উপজেলার গোনা ও বড়গাছা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় পাঁচ হাজার হেক্টর জমির আমনখেত তলিয়ে গেছে।
কুড়িগ্রাম: ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা রৌমারী ও রাজীবপুর উপজেলায় কালো, ধরনি ও জিঞ্জিরাম নদের পানি বেড়ে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকার প্রায় ৯০ ভাগ আমনখেত তলিয়ে গেছে। সীমান্তসংলগ্ন বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) চারটি ক্যাম্প ও বর্ডারহাটে পানি উঠেছে। বর্ডার হাটে পানি ওঠায় বুধবারের সাপ্তাহিক হাট বন্ধ ছিল। এ ছাড়া রৌমারীর শিবেরডাঙি বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. লতিফ খান ও মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী জানান, এ পর্যন্ত শুধু রাজারহাটে ১৫০টি পুকুরের মাছ ভেসে গেছে। অন্য এলাকার আরও শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে।
কুড়িগ্রাম কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আফছার আলী জানান, জেলায় দ্বিতীয় দফা বন্যা হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার কৃষক। দু-এক দিনের মধ্যে পানি সরে না গেলে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। পুরো ফসল নষ্ট হয়ে যাবে। জেলা ত্রাণ বিভাগ জানায়, এ পর্যন্ত ২০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, যা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে বিতরণ চলছে।
সিরাজগঞ্জ: পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়েছে। তবে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। জেলার নদীতীরবর্তী সদর, কাজীপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ১৫টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ বছর বন্যায় দুই দফায় ফসল নষ্ট হওয়ার পর নতুন করে আবার পানি আসায় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছেন।
ধুনট (বগুড়া): পাউবো সূত্র জানায়, উপজেলায় যমুনা, বাঙ্গালী ও ইছামতী নদীর পানি আরও দুই সেন্টিমিটার বেড়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, প্রায় ২০ হাজার হেক্টর জমির ধান ও ১০ হেক্টর মাষকলাইয়ের রখত তলিয়ে গেছে।