সড়ক ও সেতুর উদ্বোধন করেন ওবায়দুল কাদের
চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত ১০টি সেতু এবং পার্বত্য চট্টগ্রামে দুটি সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বুধবার সকালে আগ্রাবাদের সড়ক ভবনে মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন। এতে সেতু নির্মাণে ৭৪ কোটি ও সড়ক নির্মাণে ৯১ কোটি টাকা খরচ হবে।
কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি, জেলা প্রশাসক রুহুল আমিন এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই আলমের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের। এরপর ১০টি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বলেন, চলতি অর্থবছরের মার্চ বা এপ্রিলের মধ্যে কক্সবাজার-টেকনাফের ৬৮ কিলোমিটার মেরিনড্রাইভ সড়কের কাজ শেষ হবে। এর আগে ২৪ কিলোমিটার মেরিনড্রাইভের কাজ শেষ করতে ২৪ বছর লেগেছে। ভাঙা-গড়ার মধ্যে ২৪ কিলোমিটার মেরিনড্রাইভ করা হয়েছে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বাকি ৬৮ কিলোমিটারের কাজ শেষ হলে কক্সবাজারকে ঘিরে বৈপ্লবিক উন্নয়ন দৃশ্যমান হবে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা দেশের উন্নয়নকে এগিয়ে নেবে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার যে অঙ্গীকার করেছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। কারণ, এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার।
মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেজর আজিজুর রউফের সঙ্গে কথা বলে রাঙামাটি-বান্দরবান সড়ক ও বান্দরবানের বাঙালখালিয়া সড়ক উদ্বোধন করেন। মেজর রউফ প্রকল্পটির উপপরিচালক।