সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ ভবনের সামনে সুরমা নদীর ভাঙনে দোয়ারাবাজার-ছাতক সড়কের প্রায় ৩০০ ফুট পাকা সড়ক নদীতে বিলীন হয়ে েগছে৷ গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলা শহরে প্রায় এক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে৷
ভাঙনের হুমকিতে রয়েছে বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ি, দোয়ারাবাজার-ছাতক সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা পরিষদ ভবনসহ কয়েকটি সরকারি স্থাপনা৷ উদ্ভূত পরিস্থিতিতে দোয়ারাবাজার ও ছাতক উপজেলাকে সুরমার ভাঙনের কবল থেকে রক্ষায় পদক্ষেপ নিতে গত মঙ্গলবার (১০ জুন) জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের (দোয়ারাবাজার-ছাতক) সাংসদ মহিবুর রহমান মানিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷
সরেজমিনে দেখা গেছে, দোয়ারাবাজার উপজেলা পরিষদ ভবনের সামনেই ছাতক-দোয়ারাবাজার যোগাযোগের প্রধান সড়ক৷ আর সড়কঘেঁষে বহমান সুরমা নদী৷ গত কয়েক দিনে উপজেলা পরিষদ ভবনের সামনের ওই সড়কের অন্তত ৩০০ ফুট পাকা সড়ক ও সড়কের গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে৷ সড়কটি ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজারে গ্যাস সরবরাহের মূল পাইপলাইনটি৷ এ কারণে প্রায় এক সপ্তাহ ধরে উপজেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে৷ হুমকিতে রয়েছে পরিষদের ভবনসহ কয়েকটি সরকারি স্থাপনা ও দোকানপাট৷ ভাঙন তীব্র হলে উপজেলা পরিষদ চত্বরের পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ ওই চত্বরটি দুই বছর আগে নয় কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে বালু ফেলে ভরাট করা হয়েছে৷ পাশের মাঝেরগাঁও গ্রামের মসজিদের একাংশ ভেঙে নদীতে চলে গেছে৷ ভাঙন থেকে রক্ষা পেতে গত বৃহস্পতিবার নদীর তীরে বিশেষ মোনাজাতের আয়োজন করেন মাঝেরগাঁও গ্রামের লোকজন৷ ভাঙন শুরু হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনের দোয়ারাবাজার-ছাতক সড়কেও৷
উপজেলা পরিষদ ভবনের সামনে নদীর তীরের একাধিক দোকানি জানান, এখানে সুরমা নদী দুই বছর ধরেই ভাঙছে৷ কিন্তু ভাঙনরোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি৷ বর্ষা আসার আগে উদ্যোগ নিলে এখন বিপর্যয়ের মুখে পড়তে হতো না৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, তিনি বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয়ে জানিয়েছেন৷ ইউএনও আরও বলেন, ‘আমরা আমাদের তহবিল থেকে জরুরি ভিত্তিতে পরিষদ ভবন, কোয়ার্টার ও অন্যান্য স্থাপনা রক্ষার্থে কিছু কাজ করার উদ্যোগ নেব৷’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, ‘নদীভাঙন যেভাবে তীব্র হচ্ছে, এতে উপজেলা পরিষদ ভবন ভাঙনের হুমকিতে পড়েছে৷ নদীর পানি বাড়ায় ছাতক ও দোয়ারাবাজারে সুরমার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে৷ হুমকির মুখে রয়েছে কয়েকটি বাজার৷ আমরা সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি৷’
পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকোশলী মো. সাঈদ আহমদ বলেন, দোয়ারাবাজারে নদীভাঙন শুরু হওয়ার পর জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জলবায়ু ট্রাস্ট ফান্ডে ২০ কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়৷ উপজেলা পরিষদের সামনের ৮১৫ মিটার জায়গা রক্ষায় এই কাজ হবে৷ এই প্রকল্প অনুমোদন হলে আগামী বছর কাজ হবে৷ আপাতত উপজেলা পরিষদ জরুরি ভিত্তিতে কিছু কাজ করবে৷