সড়ক চওড়ার নামে তাজা গাছ কাটছে সিটি করপোরেশন
রাজশাহী নগরের সড়ক সম্প্রসারণের নামে এবার তাজা গাছ কাটছে সিটি করপোরেশন। নগরের শ্রীরামপুর এলাকায় কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কের পাশ থেকে গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। এ জন্য বন বিভাগ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানা গেছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর ওই সড়কের ৩২টি তাজা শিশুগাছ কেটে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার থেকে আবার বাকি গাছগুলো কাটা শুরু হয়েছে।
এর আগে রাজশাহী নগরের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও গ্রেটার রোড এলাকা থেকে একইভাবে গাছ কেটে নেওয়া হয়। সিটি করপোরেশনের পক্ষ থেকে গাছ কাটা হলেও বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি। বন বিভাগের ভাষ্য অনুযায়ী, তাদের অনুমতি ছাড়া কেউ গাছ কাটতে পারবে না।
মঙ্গলবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে গিয়ে দেখা যায়, সড়কের দক্ষিণ পাশের গাছ কেটে সিটি করপোরেশনের গাড়িতে তোলা হচ্ছে। গাছ কাটার কারণ জানতে চাইলে শ্রমিকেরা বলেন, রাস্তা বড় করা হবে। এ জন্য গাছ কাটতে হচ্ছে।
ওই সড়ক এলাকা ঘুরে দেখা গেছে, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের গেটের সামনে থেকে পূর্ব দিকে কেন্দ্রীয় কারাগারের শেষ সীমানা পর্যন্ত বাকি যে গাছগুলো রয়েছে, বেশ কিছুদিন ধরে সেই গাছগুলোর মাথা কেটে দেওয়া হচ্ছে। এখন যে শিশুগাছগুলো আছে, তার প্রায় সব কটির মাথা কাটা। সেগুলোই কেটে নিয়ে যাওয়া হচ্ছে।
গাছ কাটার জন্য কোনো অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, তাঁর কাছ থেকে ওই সড়কের গাছ কাটার কোনো অনুমতি নেওয়া হয়নি। কোনো গাছ কাটতে হলে অবশ্যই বন বিভাগের অনুমতি নিতে হবে। তারপর বন বিভাগের কাছ থেকেই গাছের মূল্য নির্ধারণ করে নিতে হবে। এরপর গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করতে হবে। নির্ধারিত মূল্যের কমে সেই গাছ বিক্রি করা যাবে না। এই নীতিমালার বাইরে সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, এগুলো সড়ক ও জনপথ বিভাগের গাছ। নিয়ম অনুযায়ী কোনো তাজা গাছ কাটার জন্য দরপত্র করা যাবে না। বন বিভাগও অনুমতি দিতে পারবে না।
আশরাফুল হক আরও জানান, নগরের ফায়ার ব্রিগেড থেকে ভেড়িপাড়ার মোড় পর্যন্ত রাস্তাটি ৪৭ ফুট চওড়া করা হবে। সেই সঙ্গে দুই পাশে আট ফুট করে মোট ১৬ ফুট ফুটপাত থাকবে। রাস্তা সম্প্রসারণ করতে হলে গাছগুলো কাটার কোনো বিকল্প নেই। রাস্তা সম্প্রসারিত হলে তাঁরা সড়ক বিভাজন ও দুই পাশের ফুটপাতে এর চেয়ে অনেক বেশি গাছ লাগাবেন।
এ ছাড়া গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে নগরের ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপরের শিশুগাছগুলো কেটে নেওয়া হয়। গত জুলাই মাসে নগরের গ্রেটার রোড এলাকায় নগর ভবনের সামনে থেকে সিঅ্যান্ডবির মোড় পর্যন্ত এলাকার সড়ক বিভাজনের অধিকাংশ গাছ কেটে নেওয়া হয়।