সড়ক চলাচলের অযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেরুল বাড্ডার রাজউক প্রকল্প এলাকার প্রায় সবগুলো সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সময়মতো মেরামত না করার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দারা বলেন, মেরুল বাড্ডার রাজউক প্রকল্পের বর্তমান নাম দক্ষিণ বারিধারা। তবে স্থানীয়ভাবে এলাকাটি এখনো ‘ডিআইটি প্রজেক্ট’ (রাজউক প্রকল্প) এলাকা নামে বেশি পরিচিত। সরেজমিনে দেখা যায়, প্রকল্পের সবগুলো সড়ক বীর উত্তম রফিকুল ইসলাম সরণি থেকে শুরু হয়েছে। এর কয়েকটি শেষ হয়েছে কৃষি ব্যাংক রোডে আর বাকিগুলো শেষ হয়েছে নিচু জলাশয়ে। ৪ নম্বর সড়কের পাশের মাছের পাইকারি বাজারের পাশ থেকে ৩ নম্বর সড়ক পর্যন্ত পুরো রাস্তা ভেঙে গেছে। বিটুমিন কার্পেট উঠে গিয়ে রাস্তাটি পরিণত হয়েছে কাঁচা রাস্তায়। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্তের। একই অবস্থা ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর সড়কের। সবচেয়ে খারাপ অবস্থা ৪ থেকে ৮ নম্বর পর্যন্ত সংযোগ সড়কটির। সংযোগ সড়কটিতে সব সময় পানি জমে থাকে। এই সড়কটি দিয়ে চলাচল করা স্থানীয় বাসিন্দাদের জন্য অনেক কষ্টকর।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছর সড়কগুলোর নিচ দিয়ে ভূগর্ভস্থ পয়োনিষ্কাশনের পাইপ বসানোর কারণে খোঁড়াখুঁড়ি করা হয়। এরপর সড়কগুলো আর মেরামত করা হয়নি। এ ছাড়া রাতের বেলা ভারী যানবাহন চলাচলের কারণে সড়কগুলোর অবস্থা আরও শোচনীয় হয়ে গেছে। ৪ নম্বর সড়কের পাশেই বসানো হয়েছে পাইকারি মাছের বাজার। এলাকার বিভিন্ন জায়গায় চলছে আবাসিক ভবন নির্মাণের কাজ। এ জন্য অনেক নির্মাণ সামগ্রী নিয়ে ভারী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। ফলে পুরো সড়কটি ভেঙে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, এলাকাটি রাজউকের একটি প্রকল্পের আওতাভুক্ত ছিল। সে সময় এটি বাড্ডা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ছিল। এরপর এটি সিটি করপোরেশনের নতুন এলাকা হিসেবে অন্তর্ভুক্ত হয়। এলাকাটিতে এখন শতাধিক আবাসিক ভবন তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ওহাব মোল্লা বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কগুলো নষ্ট থাকায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিটি করপোরেশনের এলাকাভুক্ত হয়েও আমরা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না।’
বাড্ডা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রকল্প এলাকায় ১৭টি সড়ক রয়েছে। এই সড়কগুলো ইউনিয়ন পরিষদের ১, ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই এলাকায় ভোটার আছেন প্রায় ছয় হাজার। ১ ও ২ নম্বর সড়কের দৃশ্যমান অস্তিত্ব পাওয়া যায়নি। বাকি ১৫টি সড়কের কয়েকটির বেশির ভাগই ভেঙে গেছে। এর মাঝে চারটি সড়ক ১০, ১২, ১৪ ও ১৫ নম্বরের অর্ধেক অংশ ভালো। ভালো অংশগুলো স্থানীয় বাসিন্দারা নিজস্ব অর্থায়নে মেরামত করে নিয়েছেন। এ ছাড়া ১১, ১৩, ১৬ ও ১৭ নম্বর সড়কের সবগুলো ভেঙে গেছে।
বাড্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,‘আমরাও এই এলাকায় কাজ করতে ইচ্ছুক। আমাদের কাছে প্রকল্প এলাকার বাসিন্দারা তাঁদের দাবি-দাওয়া জানালে কাজ শুরু করব।’