সড়ক তো নয়, যেন চাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ সড়কে ধান মাড়াই ও খড় শুকাতে দিয়েছেন কিষান-কিষানিরা। এতে সড়কটিতে পথচারীদের যাতায়াতে সমস্যা ​হচ্ছে। ছবিটি গতকাল সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার চানপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
গ্রামীণ সড়কে ধান মাড়াই ও খড় শুকাতে দিয়েছেন কিষান-কিষানিরা। এতে সড়কটিতে পথচারীদের যাতায়াতে সমস্যা ​হচ্ছে। ছবিটি গতকাল সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার চানপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাঁচা-পাকা সড়কগুলোতে ধানমাড়াই ও খড় শুকানো হয়। এ কারণে যানবাহনসহ জনসাধারণের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
এ সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের সাত-আটজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, এ উপজেলার প্রায় সব পাকা সড়ক দখল করে এখন খড় শুকানোর জন্য সবাই ব্যস্ত। খড়ের কারণে সড়কের দুই পাশ পিচ্ছিল হচ্ছে। এর ফলে যানবাহন বেশি দুর্ঘটনার কবলে পড়ে। সড়কের ওপর খড় ফেললে খানাখন্দ দেখা যায় না। ফলে সাইকেল, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া সাইকেল, ভ্যান, রিকশার শ্রমিকদের দ্বিগুণ শক্তি প্রয়োগ করতে হয়। কোনো কোনো ভ্যান ওই সব সড়কে যেতে চায় না। ফলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
গত বুধবার উপজেলার শিবগঞ্জ-বিহার, বুড়িগঞ্জ-মাঝিহট্ট ও কালীতলা-পিরব সড়কে গিয়ে দেখা যায়, প্রায় পুরো সড়ক কৃষকের দখলে। দেখে মনে হয়, সড়ক নয় যেন চাতাল। দল বেঁধে কৃষকেরা সড়কের ওপর যন্ত্র দিয়ে ধান মাড়াই করছেন, অনেকে সড়কজুড়ে ধান ও খড় বিছিয়ে রেখেছেন। আবার অনেকে ধান কেটে এনে সড়কের ধারে স্তূপ করে রাখছেন। এর মধ্যেই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
একটি মোটরসাইকেলে চড়ে দুই যুবক উপজেলা শহরে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে শিবগঞ্জ-বিহার সড়কের মরাগ্যাড়া এলাকায় খড়ের ওপর পিছলে পড়ে যান। এ নিয়ে খড় শুকানো কৃষকের সঙ্গে ঝগড়া বেধে যায় তাঁদের। দুই যুবকের একজন তাজুল ইসলাম বলেন, প্রায় প্রতিদিনই এভাবে দুর্ঘটনা ঘটছে। কিন্তু প্রতিকারের কেউ নেই।
ছাতুয়া গ্রামের কৃষক গোলাম রব্বানী (৩৫) বুড়িগঞ্জ-মাঝিহট্ট সড়কের ওপর ধান স্তূপ করে রাখছিলেন। তিনি বলেন, আগের মতো বাড়ির সামনে মানুষজন আর ফাঁকা জায়গা ফেলে রাখে না, ঘরবাড়ি করে ফেলেছে। ধানমাড়াইয়ের জায়গার অভাব। তাই মানুষ নিরুপায় হয়ে সড়ক বেছে নিয়েছে। তিনি একা নন, তাঁর মতো এলাকার প্রায় সব কৃষক এখন সড়কের ওপর ধান মাড়াই করেন।
চালুঞ্জা গ্রামের কৃষক আফজাল হোসেন (৪৫) বলেন, ‘সারা বছরই তো মাইনষে এদিক দিয়া গাড়ি লিয়া যায়-আসে। আর হামরা এক মাস না হয় ধান শুকানু, তাতে দোষের আবার কী?’
বাস ও মাইক্রোবাসের চালক লুৎফর রহমান (৪০) বলেন, বর্তমানে এ উপজেলার পাকা সড়কগুলো দিয়ে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ। পথচারী ও যানবাহনের চালকেরা একটু অসতর্ক হলেই নিশ্চিত দুর্ঘটনা ঘটবে।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, পৌর এলাকার কিছু সড়কসহ উপজেলার বেশির ভাগ সড়কে ধান কাটা মৌসুমে এ রকম অবস্থার সৃষ্টি হয়। কৃষকেরা মূলত জায়গার অভাবে এভাবে সড়কে আসেন। তবে এতে দুর্ঘটনারও খবর পাওয়া যায়। উপজেলা পরিষদের সভায় এ নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।