সড়ক থেকে উঁচুতে সেতু, যান চলাচলে সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার আশিয়া ইউনিয়নের কেরিঞ্জা সেতু নির্মাণ করা হয়েছে ১৪ বছর আগে। কিন্তু দুই দিকের সড়ক সেতুর সমান করে ভরাট না করায় মানুষের হাঁটাচলা ও যান চলাচলে সমস্যা হচ্ছে। অন্যদিকে সেতুটির ৫০০ মিটার দূরের মুসলিম খাঁ সেতুর অবস্থা জরাজীর্ণ। এতে পাঁচ ইউনিয়নের লাখো মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সূত্র জানায়, ২০০০-০১ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে পটিয়ার ছনহরা-আশিয়া-কেরিঞ্জা সড়কের পূর্ব আশিয়া এলাকার চানখালী খালের ওপর কেরিঞ্জা সেতু নির্মাণ করা হয়। ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১২০ ফুট ও প্রস্থ ১৮ ফুট। কিন্তু সেতুর দুই পাশে ১৫০ ফুট করে ৩০০ ফুট সড়ক সেতুর সমান করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, সেতুটি সড়ক থেকে তিন ফুট উঁচুতে। এতে যান চলাচলে সমস্যা হচ্ছে।
এদিকে কেরিঞ্জা সেতু থেকে ৫০০ মিটার দূরে চানখালী খালের ওপর নির্মিত মুসলিম খাঁ সেতুর অবস্থা জরাজীর্ণ। লোহার পাত বসিয়ে কোনোরকমে সেতুটি যান চলাচলের উপযোগী করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সেতু দুটির ওপর দিয়ে পটিয়ার আশিয়া, কাশিয়াইশ, বড়লিয়া ও ছনহরা ইউনিয়ন এবং আনোয়ারা উপজেলার পড়ৈইকোড়া ইউনিয়নের লোকজন যাতায়াত করে।
সিএনজিচালিত অটোরিকশাচালক মহিউদ্দিন বলেন, যাত্রী নামিয়ে গাড়ি ঠেলে সেতুতে উঠতে ও নামতে হয়।
আশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হাসেম বলেন, মুসলিম খাঁ সেতুটি ছয়-সাত মাস আগে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে লোহার পাত বসিয়ে কোনোরকমে যান চলাচলের উপযোগী করা হয়।
পটিয়ার এলজিইডির উপসহকারী প্রকৌশলী শংকর কুমার নন্দী বলেন, ২০১০-১১ অর্থবছরে ছনহরা-আশিয়া-কেরিঞ্জা সড়কের আশিয়া মুসলিম খাঁ সেতু থেকে ছনহরা ঠেগরপুনি পর্যন্ত এক হাজার ১০০ মিটার কার্পেটিং করার জন্য কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার ২০ শতাংশ কাজ করার পর দরপত্র প্রত্যাহার করে নেন। ৯৭ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে। সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হলে কেরিঞ্জা সেতুর দুই দিকের সড়ক সেতুর সমান যাবে। তিনি জানান, মুসলিম খাঁ সেতু নির্মাণের জন্য দুই বছর আগে মন্ত্রণালয়ে দুই কোটি ৭৬ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে।