সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের গোল চত্বরের উত্তর পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেন বিমানবন্দর থানার এসআই শহীদুল ইসলাম। তিনি জানান, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন।
গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের পাশে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক ব্যক্তি (৩৫) মারা যান বলে জানান যাত্রাবাড়ী থানার এসআই মাহবুব আলম। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
গতকাল বেলা দুইটার দিকে খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি মারা যান।