সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও আহতদের সেবায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি মহাসড়কের পার্শ্ববর্তী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার আহ্বান জানান।
রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মাহবুব কবির মেমোরিয়াল হলে গতকাল শনিবার আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা পরিস্থিতি ও সৃজনশীল উদ্যোগ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ট্রমালিংক’ নামক একটি বেসরকারি সংস্থা এ সভার আয়োজন করে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, ঘূর্ণিঝড়, আইলা ও সিডরে গত ২৫ বছরে যত না মানুষ মারা গেছে, তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ মারা গেছে সড়ক দুর্ঘটনায়। তিনি জানান, এ সময়ে নিহতের সংখ্যা দুই লাখের বেশি।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রমালিংকের ভাইস প্রেসিডেন্ট বিধান চন্দ্র পাল। মূল প্রবন্ধে উপস্থাপিত একটি পরিসংখ্যানে বলা হয়, সরকারি হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন গড়ে আটজন সড়ক দুর্ঘটনায় মারা যায়। কিন্তু বিশ্বব্যাংকের হিসাবে তা গড়ে ৩০ জন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ২০১২-১৩ সালে গড়ে প্রতিদিন ৪৮ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
পরিকল্পনা কমিশনের সদস্য এম এ সাত্তার বলেন, ‘সবার সচেষ্ট প্রয়াস থাকলেও দুর্ঘটনা ঘটবে। সব দেশেই কম-বেশি দুর্ঘটনা ঘটে। তাই আমাদের উচিত হবে সুসংবদ্ধভাবে কাজ করে দুর্ঘটনায় অর্থনৈতিক ও মানবিক ক্ষতির পরিমাণটা কমিয়ে আনা।’
আলোচনায় আরও অংশ নেন অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম তালুকদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মো. আফসার উদ্দিন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের ডিরেক্টর মাহবুবুল আলম প্রমুখ।
মূল প্রবন্ধে জানানো হয়, ২৩ নভেম্বর পরীক্ষামূলকভাবে কুমিল্লার দাউদকান্দি থেকে পুটিয়া মোড় পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে ‘ট্রমালিংক বিপদে আমরা’ নামে একটি নতুন কার্যক্রম শুরু হয়েছে। এই এলাকায় কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে জরুরি নম্বরে (০৯৬৭৮৭৭৫৫৭৭) ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক পৌঁছে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেবেন।