সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মোটরসাইকেলারোহী দুই ভাইয়ের
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারে আজ শনিবার রাতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই ভাই মারা গেছেন। তাঁরা হলেন নজরুল ইসলাম (৩৫) ও মেহেদী হাসান ওরফে রাসেল (৩০)। পল্টনে তাঁদের ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে।
নিহত দুই ভাই যাত্রাবাড়ী থানার ৩ বিবির বাগিচায় থাকতেন। তাঁদের বাবা ইস্কান্দার আলী মুন্সী। গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ রাত পৌনে আটটার দিকে যাত্রাবাড়ী এলাকার মেয়র হানিফ ফ্লাইওভারে বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে নজরুল ও তাঁর ভাই মেহেদীকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। দুই ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল যাত্রাবাড়ী চৌরাস্তা বরাবর ফ্লাইওভারের ওপরে। পল্টন থেকে দুই ভাই মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাসের ধাক্কায়, না মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।