
সড়ক ব্যবস্থাপনায় কিছু উন্নতি হলেও বাংলাদেশে সড়ক দুর্ঘটনা মহামারি রূপ নিয়েছে। দুর্ঘটনার কারণে যে শুধু মানুষের মৃত্যু হচ্ছে, তা নয়। আহত হচ্ছে অসংখ্য মানুষও। এতে তারা শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি পরিবারও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হচ্ছে। তা ছাড়া সড়ক ব্যবস্থাপনা ভালো না হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব পড়ছে, অনেক ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যাচ্ছে না।
ব্র্যাক ও পিপিআরসি পরিচালিত ‘বাংলাদেশের সড়ক নিরাপত্তা: বাধা ও বাস্তবতার প্রেক্ষাপট’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল বুধবার কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনের সম্মেলন হলে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গবেষণার ফলাফল ও সুপারিশগুলো উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সড়ক ব্যবস্থা শতভাগ ভালো তা তিনি মনে করেন না। তবে তিনি আন্তরিকভাবেই যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর দাবি, মহাসড়কগুলো ভালো আছে। তবে জেলা সড়কগুলোর অবস্থা অনেক স্থানে খারাপ।
যোগাযোগমন্ত্রী জানান, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোকে বিশেষ বিচেনায় নিয়ে কাজ চলছে। এবার অন্তত ১৯টি স্থানে কাজ শেষ হবে।
ওবায়দুল কাদের দাবি করেন, তিনি অনেক কিছুই করতে চান। তবে রাজনৈতিক কারণে, ভোটের রাজনীতির কারণে সব সময় তা করতে পারেন না। তিনি বলেন, ট্রমা সেন্টারগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না। ট্রমা সেন্টারে যদি মাথাব্যথা আর পেটের ব্যথার ওষুধ পাওয়া যায়, তবে তা দিয়ে কী হবে। ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি মহানগরের নাম উল্লেখ করে বলেন, মহানগরগুলোর সড়কের অবস্থা ভালো নয়। তবে এগুলো যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় পড়ে না। তিনি চ্যালেঞ্জ করেন, তাঁকে দায়িত্ব দেওয়া হলে মহানগরগুলোর সড়ক সাত দিনের মধ্যে ঠিক করে ফেলবেন।
আলোচনায় অংশ নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, তাকালেই বোঝা যায় কোন গাড়িগুলোর ফিটনেস নেই। এই গাড়িগুলোকে তিনি ‘বোম’ উল্লেখ করে বলেন, এগুলো যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের নিরাপদ সড়ক কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হোসাইন। এতে বক্তব্য দেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চিকিৎসক হুমায়ুন কবির চৌধুরী, আইনজীবী সারা হোসেন। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ।