সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী দেলোয়ার হোসেনসহ (৪৫) ছয়জন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা আইনজীবী দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মো. শহিদ, হাসিনা, শাহেদ আলম, হেলাল উদ্দিন ও ফরিদ উদ্দিন। তাঁরা সবাই সদর উপজেলার বাসিন্দা।
নিহত দেলোয়ারের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামে।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে চালকদের আটক করা যায়নি।