সড়ক দুর্ঘটনায় আটজন নিহত
রাজধানীসহ দেশের ছয়টি স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল শুক্রবার রাজধানীর মতিঝিলে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার সময় চাকার নিচে পড়ে নিহত হয়েছেন এক যাত্রী।
মতিঝিলে মিনিবাসের চাপায় নিহত আলী আকবরের (৪৫) পরিবারের অভিযোগ, চালকের সহযোগী তাঁকে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সকাল ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় আলী আকবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কয়েকজন লোক। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের জানান, তিনি সকালে কোনাপাড়া থেকে ৮ নম্বর বাসে উঠে মতিঝিলের দিকে যাচ্ছিলেন। মাঝপথে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের ভাড়া সংগ্রহকারীর বাগ্বিতণ্ডা হয়। এর মধ্যে বাস মতিঝিলে এলে আলী আকবর নেমে যেতে চান। তখন চালকের সহযোগী আলী আকবরকে ধাক্কা দেন। এতে আলী আকবর সড়কে পড়ে যান। আর মিনিবাসের চাকা উঠে যায় তাঁর পায়ের ওপর। তারপর বাসটি পালিয়ে যায়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলগেট এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই যুবকের নাম ফেরদৌস মিয়া (২২) ও খোরশেদ আলম (২০)। ফেরদৌস রংপুরের
পীরগাছা উপজেলার চৌধুরানী গ্রামের মুজিবুল হকের ছেলে ও খোরশেদ একই গ্রামের আমিনুল হকের ছেলে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ ও পরিবার সূত্র জানায়, ফেরদৌস ও খোরশেদসহ তিন যুবক বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা বামনডাঙ্গা রেলস্টেশনের অদূরে দক্ষিণ রেলগেটসংলগ্ন গতিরোধক পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ফেরদৌস মারা যান। স্থানীয় লোকজন এসে হাসপাতালে নেওয়ার পথে খোরশেদ মারা যান।
জামালপুরের দেওয়ানপাড়ায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে আখবাহী ট্রাক্টরের চাপায় হাসমত আলী (১৮) নামের নিহত যুবক পৌর শহরের নাওভাঙাচরের মঙ্গল মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত জিলবাংলা চিনিকলের আখবাহী একটি ট্রাক্টর দেওয়ানপাড়া এলাকা অতিক্রম করার সময় হাসমত আলী কয়েকটি আখ ধরে টান দেন। এ সময় হাত ফসকে তিনি ট্রাক্টরের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন আহতাবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুরের কুর্ণীতে বাবু মিয়া নামের এক বাসচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কের ওই স্থানে বিপরীতমুখী কাভার্ড ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাসটি রাস্তার পাশে প্রায় ২৫ ফুট খাদে পড়ে উল্টে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে ছয়জনকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বিকেল চারটার দিকে টাঙ্গাইল জেলা পুলিশের রেকার দিয়ে খাদে পড়া বাসটি সোজা করা হয়। তখন আসনে বসে থাকা চালক বাবু মিয়ার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় ট্রাকচাপায় গতকাল দুপুরে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার যাত্রী একই পরিবারের তিন সদস্য আহত হন। নিহত ব্যক্তির নাম মোরশেদ আলী (৫০)। তিনি পবা উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা।
গাজীপুরের কালিয়াকৈরে বরাব লেভেল ক্রসিং এলাকায় সকাল ১০টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কোনাবাড়ীগামী যাত্রীবাহী একটি টেম্পোর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে টেম্পোর নয় যাত্রী আহত হন। গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আবদুস সালাম সরকার জানান, দুপুর ১২টার দিকে মাথা থেঁতলানো অজ্ঞাতনামা ওই যুবকের (৩০) লাশ হাসপাতালে আনা হয়।
এ ছাড়া পৃথক ঘটনায় কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের চাপায় নজরুল ইসলাম (৪০) নামের একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর বাজার এলাকায় তিনি স্ত্রী ও সন্তান নিয়ে রাস্তা পার হওয়ার সময় এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর লাশ প্রায় ২০ মিনিট সড়কে পড়ে থাকার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের
সৃষ্টি হয়। নজরুল ইসলাম চাঁদপুরের হাইমচর উপজেলার চরবৈরভী গ্রামের আ. খালেক দেওয়ানের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে কালিয়াকৈরের হারিণহাটি এলাকায় থাকতেন।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রাজশাহী, গাজীপুর, জামালপুর, গাইবান্ধা ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি}