সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসা কর্মকর্তার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদার রসুল (৪৫) গত বৃহস্পতিবার মারা গেছেন। পঞ্চগড়ের সদর উপজেলায় একই দিন সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুজন আহত হন।
দিদার রসুলের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে তিনি তাঁর কর্মস্থল কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে রংপুর যাচ্ছিলেন। পথে পাগলাপীর এলাকায় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে আহত হন। সেখান থেকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসার পথে অমরখানা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী হারুন উর রশিদ (৩৮) নিহত এবং দুলাল ও জাহাঙ্গীর আহত হন। হারুন উর রশিদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার জিয়াবাড়ি সর্দ্দারপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ইমান আলীর ছেলে। আহত ব্যক্তিদের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড় থানার ওসি মমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় অমরখানা এলাকায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।