সড়ক দুর্ঘটনায় আহত বিমানবাহিনীর সদস্যের মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য সুমন আহমেদ (২২) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন।
নগরে গত দুই দিনে পৃথক ঘটনায় এক গৃহবধূসহ দুজনের অপমৃত্যু হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় আহত বিমানবাহিনীর সদস্য সুমন আহমেদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা গেছেন। সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বলেন, সুমন গত ২৭ নভেম্বর রাতে মোটরসাইকেল চালিয়ে ক্যান্টনমেন্টে ফিরছিলেন। পথে খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে হঠাৎ এক পথচারী মোটরসাইকেলের সামনে পড়েন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ওই পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ উল্টে পড়ে যান। এতে দুজনই গুরুতর আহত হন। তাঁদের সিএমএইচে ভর্তি করা হয়।
দুজনের অপমৃত্যু: তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকায় গতকাল দুপুরে কুলসুমা আক্তার (২৮) নামের এক গৃহবধূর অপমৃত্যু হয়েছে। তুরাগ থানার ওসি মাহবুবে খোদা বলেন, স্বামীর সঙ্গে কলহের জের ধরে কুলসুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার রাতে মহাখালী দক্ষিণপাড়া এলাকা থেকে হারুনুর রশিদ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেন বনানী থানার এসআই কামাল হোসেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে হারুন আত্মহত্যা করেছেন।
বৃদ্ধের লাশ উদ্ধার: গতকাল দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশ থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।