সড়ক দুর্ঘটনায় ইউএনও গুরুতর আহত
মোটরসাইকেল থেকে পড়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেরা আক্তার গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দক্ষিণ সুরমার পারাইরচকের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের কর্মকর্তা রেজাউল আলম জানান, হরতাল থাকায় ইউএনও সাবেরা আক্তার তাঁকে মোটরসাইকেলে করে কার্যালয়ে নিয়ে যেতে বলেন। বেলা ১১টার দিকে বাসা থেকে তিনি উপজেলা পরিষদে আসছিলেন। পথে পারাইরচকের মোড়ে সাবেরা আক্তার মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় তিনি মাথার পেছনে আঘাত পান। অচেতন অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
যোগাযোগ করলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসক রেজাউল আলমের নেতৃত্বে একদল চিকিৎসক ইউএনওর অবস্থা পর্যবেক্ষণ করছেন। অস্ত্রোপচার কক্ষে কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, বেলা দেড়টায় ইউএনওর মাথায় এক দফা অস্ত্রোপচার হয়েছে। গতকাল রাত পৌনে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা অপরিবর্তিত ছিল।