সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত নারী হলেন উপজেলার রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষ্মীকোলা এলাকার আমিনুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম (৪২)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ধানগড়া-ব্রহ্মগাছা সড়কের কয়ড়া নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ইটবাহী ট্রলির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। আর প্রাথমিক চিকিৎসার পরে অন্যদের ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে দুই চালক ফজর আলী ও আবু মুসাকে এলাকাবাসীর সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। রাতে নিহত ওই নারীর স্বামী বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিমুল এহসান তৌহিদ বলেন, নিহত নারীর পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম গতকাল বলেন, মামলার এজাহারভুক্ত দুজনকে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।