সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে একই পরিবারের তিনজন রয়েছেন। আজ সোমবার এ দুর্ঘটনা দুটি ঘটে।


সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। ভোর সাড়ে চারটার দিকে উপজেলার হামকুড়িয়া নামক স্থানে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।’

আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, পাথরবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল।


দিনাজপুর: সদর উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ব্যাংকালি নামক স্থানে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুক্তার হোসেন (৬০), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫০) ও মুক্তারের ছোট ভাই রেজাউল করিম (৪২)।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হিপজুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে পেছনের দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’

পুলিশ জানায়, মুক্তার ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে মারা যান। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেজাউল। ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যান।