সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সেলিমনগর (খেদাবাগ) এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হন অটোরিকশাচালক ফারুক হোসেন (৫০), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৪২), ফারুকের মা জোবেদা বেগম (৭৫), ফারুকের ভাতিজা পারুল হোসেন (৩৫) ও ফারুকের নাতনি লামী (৯)।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের অটোরিকশা চালক ফারুক হোসেন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কুড়িগ্রামে এক অসুস্থ আত্মীয়কে দেখে বাড়িতে ফিরছিলেন। এ সময় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সেলিমনগর (খেদাবাগ) এলাকায় বিপরীত দিক থেকে আসা সাদা রঙের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি পড়ে যায়। বাসের পাঁচজন যাত্রী সামান্য আহত হন।
এ ব্যাপারে পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বাসের চালকসহ অন্যদের উপযুক্ত শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ এ এইচ এম মাহফুজুর রহমানের ভাষ্য, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তদন্ত করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।