সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭
গোপালগঞ্জে ইজিবাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতি ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলীগাতি গ্রামের খোকন সিকদার (৪৫), খোকনের মা কাতেবুন্নেচ্ছা (৭০), স্ত্রী চায়না বেগম (৪০), দুই মেয়ে এ্যানি (১৬) ও চাঁদনী (৮) এবং ভাতিজা সাকিব সিকদার (১২)। এ ছাড়া ইজিবাইক চালক সানারপাড় গ্রামের স্বপন সরদার (৩৫) নিহত হন।
নিহত খোকন সিকদার ও তাঁর পরিবারের লোকজন ২৯ তারিখের এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে খুলনা থেকে গ্রামের বাড়ি আসছিলেন। পথে তারা ঢাকা-খুলনা মহাসড়কের বেতগ্রামে নেমে সেখান থেকে ইজিবাইক নিয়ে তেলীগাতি গ্রামের উদ্দেশে রওনা হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি মাইক্রোবাস ওই স্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ওই ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মাইক্রোবাসটি আটক করা গেলেও চালক পলাতক।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তপন মজুমদার জানান, আহতদের উদ্ধার করে আনার পর চারজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও দুজন মারা যায়। খোকনের আরেক মেয়ে ইতিমনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।