সড়ক দুর্ঘটনায় কনস্টেবল ও শিশুসহ নিহত ৩
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বরে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল ও ভূঞাপুরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই দিন জামালপুরের মাদারগঞ্জে এক শিশু নিহত হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, নিহত কনস্টেবলের নাম মো. আবদুল মজিদ (৫৫)। তিনি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় কর্মরত ছিলেন। পুলিশের একটি দল শনিবার রাতে গোলচত্বর এলাকায় দায়িত্ব পালন করছিল। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের পেছনে দাঁড়িয়ে থাকা মজিদ গুরুতর আহত হন। তাঁকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মজিদ মারা যান। পুলিশ বাসটি জব্দ করেছে। মজিদ সিরাজগঞ্জের উল্লাপাড়ার চণ্ডীপুর গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়কের সিরাজকান্দী এলাকায় ট্রাকচাপায় ময়দান আলী (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি ভূঞাপুরের যমুনা পুনর্বাসন এলাকায়।
এদিকে প্রত্যক্ষদর্শী ও মাদারগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ পৌর এলাকার গাবের গ্রাম বাজারের কাছে ঈদগাহসংলগ্ন সড়কে গতকাল বেলা ১১টার দিকে ট্রাক্টরের চাপায় মিলন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মিলন উপজেলার গাবের গ্রামের সুনীল রবিদাসের ছেলে।