সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কড্ডার মোড়সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম আবদুল বাসেদ (৪৩)। নিহত অন্য দুজন বাস ও পিকআপ ভ্যানের চালক। তাঁদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছে তিনজন। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সবুজ আলীর ভাষ্য, ঢাকা থেকে কুড়িগ্রামগামী খালেক এন্টারপ্রাইজ নামের একটি বাস বিকল হয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। সড়কে নিরাপত্তার জন্য বাসটির পেছনে অবস্থান নেয় টহল পুলিশ। পুলিশের ভাড়া করা একটি পিকআপ ভ্যান ছিল বাসটির সামনে। ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক পেছন দিক দিয়ে থেমে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। বাসটি গিয়ে ধাক্কা খায় পুলিশের ভাড়া করা পিকআপ ভ্যানের সঙ্গে। এতে কনস্টেবল বাসেদ, পিকআপ ভ্যানের চালক ও বাসের চালক নিহত হন। বাসের দুই যাত্রী ও পুলিশের এক কনস্টেবল এ ঘটনায় আহত হন।