সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার মহিলা কলেজ মোড়ে ওই ঘটনা ঘটে। ঘটনার পর দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন।
নিহত শিক্ষার্থীর নাম প্রীতিলতা রায় (১৯)। তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী। তাঁর বাড়ি চিরিরবন্দর উপজেলার কোটপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে প্রীতিলতা কলেজের সামনের রাস্তা পার হয়ে অধ্যক্ষের বাসভবনের সামনে দাঁড়িয়ে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় বালুবাড়ী শহীদ মিনার মোড় থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ডগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক অন্য গাড়িকে পাশ কাটাতে গিয়ে তাঁকে ধাক্কা দেয়। এতে প্রীতিলতা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাড়ি খান। ফলে তাঁর ডান চোয়াল ও মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। তাঁরা কলেজ মোড় থেকে পলিটেকনিক কলেজ মোড় পর্যন্ত রাস্তায় অবস্থান নেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান বলেন, জনতা ইজিবাইকটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।