সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ নেতাসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর, ফরিদপুর, পটুয়াখালী ও নওগাঁয় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় কৃষক লীগের এক নেতাসহ ৫ জন নিহত ও অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া থেকে গতকাল সকালে একটি বাস নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে জেলার ভান্ডারিয়ার চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে দিয়ে বাসটি ফেরিতে ওঠার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এটি পন্টুনে দাঁড়ানো ও মোটরসাইকেলে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভান্ডারিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (দপ্তর) আবদুল হামিদ মুন্সী (৭০) মারা যান। তিনি আওয়ামী লীগের ওই সম্মেলনে যোগ দিতে মোটরসাইকেলে করে পিরোজপুর যাচ্ছিলেন। তাঁর বাড়ি ভান্ডারিয়ার লক্ষ্মীপুরা গ্রামে। এতে অন্তত ১৫ জন আহত হন।

গোয়ালন্দ (রাজবাড়ী): ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাদারীপুরের শিবচরের তাহেরকান্দী গ্রামের জিয়া শেখ (৩৫) ও অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) মারা যান। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া (পটুয়াখালী): গতকাল বেলা দুইটার দিকে কুয়াকাটা থেকে ব্যক্তিগত গাড়িতে করে কয়েকজন বরিশালে যাচ্ছিলেন। পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুরে বেলা তিনটার দিকে ওই গাড়ির একটি চাকা ফেটে যায়। এ সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি ধানবোঝাই ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির মধ্যে থাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রতন চক্রবর্তী (৪০) নিহত হন। রতনের বাড়ি ঝালকাঠির নলছিটির কুশঃগল গ্রামে।

নওগাঁ: নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁর মান্দার সাতবাড়ীয়া বাজারে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হচ্ছিলেন আবদুল আলীম (৭০)। এ সময় একটি ভটভটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি নওগাঁর মহাদেবপুরের বাসিন্দা।