সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় শিউলী রানী সরকার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। শিউলি রানী গ্রামীণ ব্যাংক সদর উপজেলার চাপড়া শাখার মাঠকর্মী দেবাশীষ কুমার সরকারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবাশীষ কুমার মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে যাওয়ার সময় সড়কের ওই স্থানে একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শিউলি রানী ও মেয়ে শ্রেয়া রানী সরকার (৪)। গুরুতর আহত শিউলিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মেয়ে শ্রেয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রামীণ ব্যাংক নীলফামারীর আঞ্চলিক ব্যবস্থাপক আবুল খায়ের মো. মনিরুল হক জানান, মাঠকর্মী দেবাশীষ স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে কর্মস্থল চাপড়ার দিকে আসছিলেন। নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।