সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা পরস্পর চাচা-ভাতিজা। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল রোববার ভোরে খুলনা-মংলা মহাসড়কে ফকিরহাট উপজেলার আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সদরের কবির মোল্লার ছেলে আরিফুল ইসলাম (২২) এবং আরিফুলের বড় ভাই টুকু মোল্লার ছেলে রবিউল ইসলাম (১৫)।
থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আরিফুল পিকআপটির মালিক। তিনি পিকআপটি চালাচ্ছিলেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি আবদুল মান্নান ফরাজি জানান, ভোরে আমতলা এলাকায় ধানবোঝাই একটি ট্রাকের চাকা ফেটে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাকের চালক ও তাঁর সহকারী তা মেরামত করছিলেন।
এ সময় গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। আরিফুল ঘটনাস্থলে এবং রবিউল চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দুর্ঘটনায় আহত হন থেমে থাকা ট্রাকের চালক এমদাদুল হক (৫০)।