সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

বগুড়ায় গতকাল মঙ্গলবার দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ৪০ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে বগুড়ার বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি বাসের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসের একজন যাত্রী মারা যান। আহত ৩২ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৮) ও পলাশবাড়ী উপজেলার বৈগলিপাড়া এলাকার সোবহান মিয়া (৫০)।
এদিকে সকাল নয়টার দিকে বগুড়া-নামুজা সড়কের হরিপুর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে একটি বাস সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার সোনাকান্দি গ্রামের লোকমান হোসেন (৩৪) মারা যান। আহত হন বাসটির ১৫ জন যাত্রী। তাঁদের মধ্যে আটজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা মহল্লায় ট্রাকের চাপায় আফসার আলী (৭২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) রওশন জানান, সকাল ছয়টার দিকে নয়নশুকা মহল্লার আফসার আলী স্থানীয় একটি চায়ের দোকানে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি তাঁকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই আফসার মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করার সময় এর চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।