সড়ক দুর্ঘটনায় চার মুসল্লিসহ নয়জন নিহত
বগুড়া ও দিনাজপুরে গত রবিবার ও গতকাল সোমবার চারটি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ইজতেমা ফেরত চারজন মুসল্লিও রয়েছেন।
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলায় রোববার রাত দুইটার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত হন। হতাহত ব্যক্তিদের সবার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায়।
নিহত ব্যক্তিরা হলেন বড়বাড়ি ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের হাবিবুর রহমান (৬০), পলাশবাড়ী ইউনিয়নের দালালবস্তি গ্রামের আশরাফুল ইসলাম (৬০) ও ইমতিয়াজ আলী (৫০) এবং দোওসু গ্রামের তসলিম উদ্দিন (৭০)। বিশ্ব ইজতেমা শেষে তাঁরা জোয়ানা পরিবহনের বাসে করে ফিরছিলেন। ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে তাঁদের লাশ ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী ও শাজাহানপুর থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটি টঙ্গী থেকে ৭৫ জন মুসল্লি নিয়ে রাত সাড়ে আটটায় বালিয়াডাঙ্গির উদ্দেশে রওনা দেয়। কয়েক রাতের ক্লান্তিতে আসনে বসা অধিকাংশ যাত্রী ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে সবার ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই অনেকে দেখেন, বাসের পেছনে ডান পাশের অংশ লন্ডভন্ড।
যাত্রী তমিজ উদ্দিন বলেন, টঙ্গী থেকে বাস ছাড়ার পরপরই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। সামনের গাড়িকে অতিক্রম করতে গিয়ে কয়েক দফা নিয়ন্ত্রণ হারাতে বসলে চালককে যাত্রীরা সতর্কও করেন।
এদিকে, গতকাল বিকেলে ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত পরিবহনের একটি বাসের সঙ্গে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় কয়লাবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের অজ্ঞাতনামা তিন আরোহী প্রাণ হারান। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাসকে ধাক্কা দেয় বলে জানা যায়।
একই এলাকায় রোববার সন্ধ্যা সাতটার দিকে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী একটি ভটভটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে বরযাত্রী ছোটন মিয়া (২৫) নামে একজন মারা যান। এতে আরও ১০ জন যাত্রী আহত হন।
গতকাল বেলা তিনটায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী এলাকায় দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চান মিয়া (৪০) নামের এক গরু ব্যবসায়ী মারা যা