সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
কুমিল্লার লাকসাম পৌর শহরের লাকসাম-লালমাই সড়কের ভৈষকপালিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। একই দিন সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক ট্রাকচালকের মৃত্যু হয়।
লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক অহিদুর রহমান (২৮), তাঁর ভাই সাইফুল ইসলাম (২৪) ও যাত্রী রিংকু ভৌমিক (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে অটোরিকশাটি পৌর শহরের দৌলতগঞ্জ বাজার থেকে একজন যাত্রী নিয়ে পশ্চিম পেরুল এলাকায় যাচ্ছিল। পথে ভৈষকপালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে অপর দুজনের মৃত্যু হয়। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্ব পাওয়া কর্মকর্তা খোরশেদ আলম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী একটি বিকল ট্রাক থেকে নামার সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ট্রাকচালক ওবায়দুল হককে চাপা দেয়।