সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় তিন সবজি ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন।
নিহত তিন সবজি ব্যবসায়ী হলেন সাভারের সাধাপুর গ্রামের বাসিন্দা আবদুস ছালাম (৩৪) ও আবদুর রহমান (৩২) এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাধারপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫)। নিহত অন্য ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার পুলিশ জানায়, সকাল নয়টার দিকে ঢাকাগামী একটি বাস সাভারের বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সড়ক বিভাজকের ওপর উঠে আড়াআড়িভাবে আটকে যায়। এ সময় ঢাকার মিরপুর থেকে সাভারগামী একটি ট্যাক্সিক্যাব ওই বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ট্যাক্সিক্যাবের চালক ও ছয় যাত্রী আবদুস ছালাম, আবদুর রহমান, সুমন (২৫), সালাউদ্দিন (২৬), নুরুল ইসলাম (২৭) ও সোহেল (৩০) আহত হন।
স্থানীয় লোকজন সাতজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা ছালাম ও রহমানকে মৃত ঘোষণা করেন।
আহত সোহেলের আত্মীয় নজরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গতকাল ভোরে তাঁরা মিরপুরে সবজি বিক্রি করতে যান। সেখান থেকে ট্যাক্সিক্যাবে করে সাভারের সাধাপুর গ্রামের বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আশুলিয়ার ছয়তলা এলাকায় সড়ক পার হওয়ার সময় হিউম্যান হলারের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী প্রাণ হারান। পুলিশ পৌঁছানোর আগেই স্বজনেরা তাঁর লাশ নিয়ে যান।
এদিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলায় বাইপাস সড়কে গতকাল ভোর পাঁচটায় সবজিবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ব্যবসায়ী রবিউল ইসলাম। এক পথচারী তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসেন। এখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।