সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় ও নগরকান্দা উপজেলার বাঁশাগাড়ি এলাকায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। একই দিন সাতক্ষীরার তালায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক ও কুষ্টিয়ায় এক শ্রমিক প্রাণ হারান।
দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহসড়কে যশোর থেকে ঢাকাগামী কোহিনূর পরিবহনের একটি বাস মালবোঝাই একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসচালকের সহকারী (২৫) নিহত হন। তাঁর নাম জানা যায়নি। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, নিহত ব্যক্তির লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দার বাঁশাগাড়িতে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান হামিদা বেগম (৩০)। তিনি নগরকান্দার রাজানগর গ্রামের আফজাল খানের স্ত্রী। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষকের নাম নিরাপদ দাশ (৭৫)। তাঁর বাড়ি তালা উপজেলার কলাপোতা গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিরাপদ দাশ উপজেলার পাটকেলঘাটার কুমিরায় তাঁর ছেলের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। কুমিরা ইউনিয়ন পরিষদ মোড়ে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম বিকেলে জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়ায় নিহতের নাম দেলোয়ার হোসেন (২৪)। গতকাল বিকেল চারটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গাড়াগঞ্জের সদর উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়ায় শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে দেলোয়ার হোসেন মোটরসাইকেলে করে শৈলকুপা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। বটতৈল এলাকায় একটি মালবাহী ট্রাককে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশের খুঁটির সঙ্গে ধাক্কা খান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।