সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি রয়েছেন।
তেজগাঁও থানার পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কারওয়ান বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। তাঁর পরনে হলুদ চেক লুঙ্গি ছিল। তিনি সবজির বস্তা মাথায় নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসটি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আবদুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাতনামা আরেক ব্যক্তি (৩০)। তাঁর পরনে ছিল সাদা চেক লুঙ্গি ও কালো গেঞ্জি। একই রাত আড়াইটার দিকে বংশালের মকিম বাজারে ট্রাকের চাপায় মো. সোহাগ (২০) নামের বোতল কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর উত্তর বাড্ডায় মাটিভর্তি পিকআপ ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিহত হন।