সড়ক দুর্ঘটনায় চারটি স্থানে নিহত ৮ জন
গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: গতকাল বুধবার সকাল ছয়টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় চন্দ্রাগামী আজমেরী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী (১৮) নিহত হন এবং কমপক্ষে আটজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। তাঁদের একজনের বয়স (৪৫), অপরজনের (৬০)।
অন্যদিকে কালিয়াকৈর উপজেলায় পল্লী বিদ্যুৎ এলাকায় গত মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহত মিতালী পারভীন (৩৪) পাবনার চাটমোহর থানা এলাকার আমির হামজার স্ত্রী। মোটরসাইকেলযোগে মিতালী ভাইয়ের সঙ্গে গাজীপুর থেকে সাভার যাচ্ছিলেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল অমিত সাহার (২৭) বর্ষবরণের আনন্দ। মঙ্গলবার বিকেলে জালকুঁড়ি এলাকায় ঢাকামুখী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন তাঁর বন্ধু প্রসেনজিৎ (২৮)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই বাসে আগুন ধরে যায়।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকায় গত সোমবার রাতে ট্রাক উল্টে তাপস সরকার (৪০) নামের এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি একই এলাকার প্রয়াত নকুল সরকারের ছেলে।
নরসিংদী: নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় কলেজছাত্রীসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ব্যবসা ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রুয়েনা আক্তার (১৮) ও রায়পুরার সিএনজিচালক মনির হোসেন (২০)। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশার যাত্রী ফাতেমা আক্তার, রিপন মিয়া, রিফানা আক্তার ও অজ্ঞাত আরও একজনকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের সবার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়।