সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় হোমিওপ্যাথি চিকিৎসক শামসুদ্দীন আহমেদ (৮৬) নিহত হয়েছেন। একই দিন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মুক্তারুল ইসলাম (৩০) নামের আরএফএল কোম্পানির এক আঞ্চলিক ব্যবস্থাপক প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শী ও আটোয়ারী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের আটোয়ারীর সাতখামার মসজিদে ফজরের নামাজ শেষে বাসায় ফিরছিলেন শামসুদ্দীন আহমেদ। এ সময় সাতখামার মোড়ে ঢাকা থেকে আসা খালেক এন্টারপ্রাইজের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শামসুদ্দীন আহমেদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আরও তিনজন আহত হন। নিহত শামসুদ্দীন আহমেদ দুই ছেলে ও চার মেয়ের জনক ছিলেন। বাদ জোহর সাতখামারের আখ ক্রয়কেন্দ্র মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়ি উপজেলার কবিরাজ পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
থানার পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুরের বোঁচাগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তারুল মোটরসাইকেলে করে পীরগঞ্জ থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে পীরগঞ্জ সীমান্তের ঘোড়াপীর মোড় পার হওয়ার সময় একটি মাইক্রোবাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। মুক্তারুল পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটি মহল্লার মৃত চেচরু মোহাম্মদের ছেলে ও আরএফএল কোম্পানির দিনাজপুরের আঞ্চলিক ব্যবস্থাপক ছিলেন।