সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় মতিয়ার রহমান (৬০) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে মেয়ে সাজমিন রহমানকে (১৯) বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়ে তিনি বাসচাপায় মারা যান। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সাজমিন। সাজমিনকে খিলগাঁও এলাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মতিয়ার রহমান খিলগাঁও এলাকায় বাঁধন ক্লিনিকের পরিচালক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। খিলগাঁও চৌরাস্তা এলাকায় তাঁরা বাস করেন।
মতিয়ার রহমানের শ্যালক শরিফ হাসান খন্দকার প্রথম আলোকে বলেন, সাজমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে দিতে মেয়েকে নিয়ে বের হন মতিয়ার রহমান। খিলগাঁও চৌরাস্তা থেকে রামপুরা মোড়ের দিকে রিকশায় করে যাচ্ছিলেন তাঁরা। এ সময় দ্রুতগতির একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়েন মতিয়ার রহমান। তাঁকে চাপা দিয়ে বাসটি দ্রুত চলে যায়। ঘটনাস্থলে মতিয়ার মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঘাতক বাসটিকে আটক করা যায়নি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।