সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
রংপুরে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। সিরাজগঞ্জের বেলকুচি ও গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। গতকাল বুধবার এ দুর্ঘটনাগুলো ঘটে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রংপুর: বিসমিল্লাহ পরিবহনের একটি নৈশকোচ ঢাকা থেকে কুড়িগ্রামে যাচ্ছিল। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের রংপুর শহরের এরশাদনগর এলাকায় গতকাল সকাল সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কুড়িগ্রামের নাগেশ্বরীর আবদুর রহিম (৩০) ও ভুরুঙ্গামারীর মোজাম্মেল হক (৩৫) মারা যান। আহত আরও ২৫ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৈশকোচটি ঢাকা থেকে কুড়িগ্রামে যাচ্ছিল।
কোতোয়ালি থানার ওসি আবদুর কাদের জিলানী বলেন, গাড়ির চালক ও সহযোগী পলাতক।
সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলার উল্লাপাড়া-বেলকুচি অভ্যন্তরীণ সড়কে ইঞ্জিনচালিত একটি ভটভটি উল্টে দুজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উপজেলার শোলাকুড়া গ্রামের মন্টু সরকারের স্ত্রী চিন্তা রানী সরকার (৫০) মারা যান। এ ছাড়া গুরুতর আহত পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সলঙ্গা থানার ধুবিল মেহমান শাহী গ্রামের সনাতন সরকারের ছেলে অজিত কুমার সরকার (১৫) মারা যায়।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, উপজেলার মৌপুর থেকে ২০ জন যাত্রী নিয়ে বেলকুচি সদরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল ভটভটিটি। ওই সড়কের কল্যাণপুর কবরস্থানের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটিটি পাশের খাদে পড়ে যায়।
গাইবান্ধা: গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গি গোয়ালপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত এবং কমপক্ষে চারজন আহত হন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বগুড়া শহরের চেলোপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে রায়হান মিয়া (২৫)। অপরজনের পরিচয় জানা যায়নি। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।