সড়ক দুর্ঘটনায় জাকের পার্টির নেতাসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গত বুধবার নাটোরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও তিনজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন তাড়াশ উপজেলার বিদু মাগুড়া গ্রামের নুর মোহাম্মদ (৩০) ও রংপুরের তারাগঞ্জ উপজেলার কুটিয়াল পাড়ার আনোয়ারুল ইসলাম (৩৪)। তিনি তাঁরাগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি।
গতকাল দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নূর মোহাম্মদ নিহত হন। অপর আরোহীকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গত বুধবার দুপুর সাড়ে ১২টায় নাটোরের বড়াইগ্রামের গলাকাটা এলাকায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলা জাকের পার্টির সভাপতি আনোয়ারুল ইসলামসহ দুজন নিহত হন। তাঁর পরিবারের লোকজন জানান, ফরিদপুরে আটরশি পীরের ওরস থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।