সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পুরো পরিবার
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা, মা ও সন্তানের প্রাণ গেল। এ ছাড়া ওই দুর্ঘটনায় বাসের চালকও নিহত হয়েছেন। আহত হয়েছে ২২ জন।
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী বেইলি সেতুর কাছে গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বাসযাত্রী মো. আসাদুজ্জামান (৩৫), তাঁর স্ত্রী রেশমা বেগম (২৮) ও এই দম্পতির একমাত্র মেয়েশিশু তিশা (৫)। তাদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দামুদরকাঠী গ্রামে। নিহত অন্যজন হলেন ওই বাসের চালক মো. সিরাজ (৪৫)। তাঁর বাড়ি যশোর শহরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক (এপিএসআই) মো. তোফাজ্জেল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, বাসটি সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছিল। ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় গতকাল রাত আড়াইটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক সিরাজ ও শিশু তিশার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তিশার বাবা ও মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
নিহত আসাদুজ্জামানের ভাই মো. বাবলু রহমান জানান, তাঁর ভাই সাতক্ষীরা এলাকায় চানাচুর তৈরির একটি কারখানায় চাকরি করতেন। বিদেশগামী শ্যালককে বিদায় জানাতে সপরিবারে তিনি ঢাকা যাচ্ছিলেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আরিফ হোসেন জানান, আহত ২২ জনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, ট্রাকের চালক পালিয়ে গেছেন।