সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিনজন নিহত
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ইউপি সদস্য প্রার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদরের বাহেরচর শ্রীনদী গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র শরিফুল ইসলাম (২৬), মাদারীপুর সদরের কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান শিকদার (৪৫) ও মাহেন্দ্রচালক রাজৈরের মোল্লাকান্দি ইউনিয়নের হোগলাঘাট গ্রামের মিরাজ ব্যাপারী (৩৪)।
এ দুর্ঘটনায় আহত হন মাহেন্দ্রর আরেক যাত্রী সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামের সোনা গাজী (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুরের মোস্তফাপুর থেকে রাজৈরগামী একটি থ্রি হুইলার মাহেন্দ্রকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত সোনা গাজীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাদারীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট চন্দন কুমার বলেন, দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
এ ব্যাপারে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর মাদারীপুরের ঘটকচর এলাকায় বাসটি রেখে চালক পালিয়ে যান। পরে বাসটি জব্দ করা হয়েছে।