সড়ক দুর্ঘটনায় তিন জেলায় চার শিশু নিহত
মুন্সিগঞ্জের গজারিয়ায়, মৌলভীবাজারের কুলাউড়ায় ও হবিগঞ্জের মাধবপুরে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় চার শিশু নিহত হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গজারিয়া (মুন্সিগঞ্জ): সৌদিপ্রবাসী আবদুল কাদিরকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে কুমিল্লার তিতাসের রঘুনাথপুর গ্রাম থেকে তাঁর ছেলে আল আমিন (১১), ইব্রাহিমসহ কয়েকজন ঢাকার উদ্দেশে রওনা দেন। দুপুরে গজারিয়ার বালুয়াকান্দিতে একটি লরির সঙ্গে তাঁদের বহনকারী ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে আল আমিন ও হানিফ (৯) নিহত হয়।
মৌলভীবাজার: দুপুরে কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের লালপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক নাইমাকে (৬) চাপা দেয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে লালপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে এবং লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
মাধবপুর (হবিগঞ্জ): সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা নামক এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় এবাদুল (৬) ঘটনাস্থলে নিহত হয়। সে হরিতলা গ্রামের ফরাস উদ্দিনের ছেলে।