সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ১৪
তিন জেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় মা-ছেলে ও সহোদরসহ সাতজন, হবিগঞ্জে একই পরিবারের চারজনসহ ৫ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের এক দম্পতি রয়েছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শিবরামপুর গ্রামের তোফানিয়া (৭৫), আবুল কাশেম (৭০) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মন্টু মিয়া (৩০) ও তাঁর ভাই মো. ইকবাল (৪০)। আর বর্ষা পাইকড়া গ্রামের জয়নাল আবেদিন (৬০) এবং আবদুস সালাম (৩০) ও তাঁর মা মোছা. নবীরন (৪৮)।
সূত্র জানায়, নিহত ব্যক্তিদের সবাই দুপুর ১২টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য উপজেলার কালীবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন। পথে নিমুরিয়া ডুবারপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মন্টু মিয়া, জয়নাল আবেদিন ও আবদুস সালাম নিহত হন। আহতাবস্থায় মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তোফানিয়া ও আবুল কাশেম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর নবীরন ও মো. ইকবালের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত মনোয়ারা বেগম (৩৫) ও লুৎফুর রহমানকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। অটোরিকশায় ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় ভোর পাঁচটায় একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা-মেয়েসহ দুজন। তাঁদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা সেনাসদস্য আবদুল কাদির (৩০), তাঁর বাবা আবদুল হামিদ (৭০), মা কুলসুমা বেগম (৫৫) ও ছোট বোন শারমিন আক্তার (২২) এবং তাঁদের প্রাইভেট কারের চালক শাহ আলম (৩০)। শাহ আলমের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাবলি গ্রামে। আবদুল কাদির দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
শেরপুর হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আবদুল কাদির তাঁর মা-বাবাসহ পরিবারের ছয় সদস্যকে নিয়ে একটি প্রাইভেট কারে করে নরসিংদী থেকে ভোররাতে বাড়ি ফিরছিলেন। তাঁদের গাড়িটি ভোর পাঁচটার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে নিহত ব্যক্তিদের লাশ ও আহত লোকজনকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই আবদুল কাদির ও তাঁর পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় সেনাসদস্যের স্ত্রী লাভলী আক্তার (২৫) ও তাঁদের মেয়ে লামিয়া (৩) আহত হয়। তাঁদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাশেমবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান (৫২) ও তাঁর স্ত্রী আসমা বেগম (৩৫) নিহত হয়েছেন। মতিয়ার রহমান রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের কুরারপাড়া গ্রামের মৃত ইজাজ উদ্দিনের ছেলে।
সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবদুল করিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে
মতিয়ার রহমান তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে গাইবান্ধা-নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়ক ধরে মোটরসাইকেলে করে গাইবান্ধা যাচ্ছিলেন। তিনি সকাল ১০টার দিকে কাশেমবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে সিটকে পড়ে একটি গাছে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মতিয়ার রহমান ও তাঁর স্ত্রী আসমা বেগম মারা যান।