সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল বাকী (৫৫) গতকাল নছিমনে করে বারোবাজার যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জের বেজপাড়ায় গাড়িটি উল্টে গেলে তিনি আহত হন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
মাদারীপুর: কালকিনি উপজেলার ডাসার গ্রামের সাহেরা বেগম (৪৫), তাঁর স্বামী (৬০) ও নাতিকে (৬) নিয়ে গতকাল বিকেল চারটার দিকে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। লোহার ডিঙ্গা এলাকায় ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সাহেরা বেগম নিহত হন।
বাগেরহাট: গতকাল ভোর চারটার দিকে একটি কাভার্ড ভ্যান মংলা থেকে খুলনা যাচ্ছিল। পথে রামপাল উপজেলার ফয়লা বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা সহকারী হানিফ হাওলাদার (২৫) নিহত হন।